মাগুরা প্রতিনিধি
পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে মাগুরা ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ১ নং সহসভাপতি মো: রকিবুল ইসলাম রিপুকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।রবিবার (৩০ আগস্ট) রাতে সংগঠনের এক জরুরী সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন বলেন, সংগঠন কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নেবে না। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।তিনি আরও জানান, নয়নের দায়িত্বে থাকা পদটি শূন্য হওয়ায় সংগঠনের ১ নম্বর সহসভাপতি মো: রকিবুল ইসলাম রিপুকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে নয়নসহ তিনজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।তবে নয়নের বড় ভাই ও যুবদল নেতা আব্বাস উদ্দিন নতুন দাবি করেন, পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির পর শুক্রবার রাতে বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছিল। শনিবার দুপুরে পুলিশ নয়নকে থানায় ডেকে নিয়ে দিনভর রাখার পর সন্ধ্যায় মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।আব্বাস উদ্দিন আরও দাবি করেন, নয়ন হৃদরোগে আক্রান্ত। মানবিক কারণে তার মুক্তির দাবিও জানান তিনি।এদিকে নয়নের বিরুদ্ধে অতীতে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
