ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উপদলনেতা প্রশিক্ষণ কোর্স-২০২৬’ সম্পন্ন হয়েছে। ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ২৬টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কাউছার হামিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন।
এছাড়া বাংলাদেশ স্কাউটস, ফুলগাজী উপজেলার সম্পাদক নিলুফা কায়েছার চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনসহ স্কাউটসের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণকালে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগতভাবে কাজ করা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে অতিথিরা ‘মহা তাঁবুর জলসা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় স্কাউট সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ ও আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
