ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে ইউসুফ মেম্বারের বাড়ির পাশে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি রাস্তা ইটের রাবিশ দিয়ে সাময়িকভাবে মেরামত করে দিয়েছেন সদর ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম।
২০২৪ সালের বন্যায় রাস্তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে তা আর সংস্কার করা হয়নি। ফলে রাস্তাটি দিয়ে চলাচলকারী কয়েকটি পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিভিন্নজনের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন করেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় বিষয়টি আবুল কালাম শামীমকে অবহিত করেন।
এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আবুল কালাম শামীম নিজ উদ্যোগে ইটের রাবিশ দিয়ে রাস্তাটি সাময়িকভাবে সংস্কারের ব্যবস্থা করেন। এতে ওই এলাকার কয়েকটি পরিবারের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে।
স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান বলেন, “রাস্তা সংস্কারের জন্য আমরা অনেকের কাছে আবেদন করেছিলাম। কিন্তু কেউ কথা রাখেননি। আবুল কালাম শামীম রাস্তাটি মেরামত করে দেওয়ায় আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও মোবারকবাদ জানাই।”
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আজিমুল হক বলেন, “২০২৪ সালের বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। আবুল কালাম শামীম উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামত করে দিয়েছেন।”
স্থানীয়রা জানান, এটি সাময়িক সংস্কার হওয়ায় স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
