ePaper

সাংবাদিক-পুলিশ একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা আরো উন্নত হবে : খুলনা রেঞ্জ ডিআইজি

আবু রায়হান নিরব মেহেরপুর

মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে সাংবাদিক ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার (১০ আগস্ট২০২৬) সকালে ১০টার সময় মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মতবিনিময় সভায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের সঞ্চালনায় সভাটি জেলা পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় মেহেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মোটরসাইকেল চুরি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন সাংবাদিকরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকার দাবি জানান তারা। ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে থাকবে। কোনো পুলিশ সদস্যের মাদক বহন, সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্টও করা হবে।

নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিংয়ের ঘটনায় দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলার তদন্ত ও চার্জশিট দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পুলিশের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক কর্মকাণ্ডে পুলিশকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, গণমাধ্যম সমাজের অসঙ্গতি ও অপরাধ মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সহজে ও যথাযথভাবে সরবরাহ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।