ePaper

নীলফামারীতে রাস্তা সংস্কারের কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

হামিদুল্লাহ সরকার

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ময়দানের পাড় থেকে থানার ঘাট বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে নীলফামারী-জলঢাকা মহাসড়কের ময়দানের পাড় লোহারপুল সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলায় নীলফামারী-জলঢাকা প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরাও।মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে আনিছুর রহমান বিপুল, মো. হারুনর রশীদ, ফারুক প্রামাণিক, রোস্তম আলী, মজিবুল ইসলাম, হবিবর রহমান, শাহিন আলম, আবুল হাসান, আশরাফ হোসেন ও মেজবাউল স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ও যুগ্মসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানের নিকট জমা দেন।সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ জটিলতা শেষে সড়কের প্রাথমিক সংস্কারকাজ শুরু হলেও গত ৬ মাস ধরে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় কাজ থমকে থাকায় সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে ওই অঞ্চলের সব পেশার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরও বলেন, বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা রাস্তায় পানি জমে থাকায় চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা বিষয়টি কোনো পাত্তাই দেয়নি। দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ না হলে আগামীতে সড়ক অবরোধসহ আরও বৃহত্তর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *