হাবিবুর রহমান,গাইবান্ধা
আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্?যাপন নিশ্চিত করতে গাইবান্ধায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
সভায় গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জেলার সব মন্দির ও শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি উৎসব আয়োজকদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতারা রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
