মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুর
উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ জনসম্মুখে প্রকাশের উদ্যোগ নিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ উদ্যোগ স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান, প্রকল্পের ধরন, বরাদ্দের পরিমাণ এবং বাস্তবায়নসংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও উন্মুক্ত করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই তা জানতে, পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনে মতামত প্রদান করতে পারেন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “উন্নয়নের প্রতিটি কার্যক্রম জনগণের কল্যাণের জন্য। তাই সরকারি অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে জনগণকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়নের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য।”
স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পের বরাদ্দ প্রকাশের ফলে সরকারি অর্থের ব্যবহারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়মের সুযোগ কমবে এবং প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কও আরও সুদৃঢ় হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন কার্যক্রমের তথ্য উন্মুক্ত করার এ ধরনের উদ্যোগ সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অন্যান্য জনপ্রতিনিধিদের জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।
এলাকার সচেতন মহল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও উন্নয়ন কর্মকাণ্ডে একই ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ধারা অব্যাহত থাকবে। তাদের মতে, জনগণের সামনে উন্নয়ন প্রকল্পের তথ্য প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে, যা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
