ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সরকারি কলেজের কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি কক্ষ থেকে প্রায় ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার কম্পিউটার সামগ্রী চুরির ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থী কলেজটির এইচএসসি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলগাজী থানাধীন ১ নম্বর ফুলগাজী ইউনিয়নের ফুলগাজী সরকারি কলেজের পুরাতন দুইতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষ এবং নতুন ছয়তলা ভবনের ষষ্ঠ তলার কম্পিউটার ল্যাব থেকে বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশ চুরি হয়।
কলেজ কর্তৃপক্ষ গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে প্রথমে বিষয়টি জানতে পারে। পরে ৪ মে ২০২৬ তারিখে কম্পিউটার ল্যাব থেকেও বিপুল পরিমাণ যন্ত্রাংশ চুরির ঘটনা ধরা পড়ে। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল—
৩১টি প্রসেসর
১১টি সিপিইউ কুলার ফ্যান
৩০টি ৮ জিবি ডিডিআর৪ র্যাম
৩০টি হার্ডডিস্ক
৩টি মাদারবোর্ড
২টি সুইচ হাব
২টি রাউটার
এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করলে পুলিশ পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে পুলিশ ফুলগাজী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে কলেজ কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে গত ২১ মে ২০২৬ তারিখে ফেনী মডেল থানার শান্তি কোম্পানি রোড এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে শিক্ষার্থী সাকিব আল হাসানের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল—
৫টি প্রসেসর
১৭টি র্যাম
১৭টি হার্ডডিস্ক
১টি রাউটার
৩টি মাদারবোর্ড
২টি সুইচ হাব
উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২ হাজার টাকা।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে একই দিন বিকেলে ফেনীর হাজারী রোড এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, কলেজের শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে এবং উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো কলেজের কম্পিউটার থেকে খুলে নেওয়া হয়েছে বলে জানায়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান জানান আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
