আ: মান্নান পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় জিরো লাইন হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবারও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করার চেষ্টা করলে এতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২২ মে) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিনবিঘা করিডোর বঙ্গের সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে। বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দহগ্রাম বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস হতে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর গ্রাম এলাকায় ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ ফুট উচ্চতা বাঁশের খুঁটি স্থাপন চালিয়ে যায়।
এতে স্হানীয় ও বিজিবির নজরে আসলে, পানবাড়ি কোম্পানি কমান্ডার ১৭৪/ভীম বিএসএফ কোম্পানি কমান্ডারকে বাঁশের খুঁটি উঠিয়ে নেওয়ার জন্য বলেন, কিন্তু এতে ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছে বলে জানান।
তারা আরও বলেন, কর্তৃপক্ষের আদেশ ব্যতীত উঠানো যাবেনা। পরদিকে, ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের প্রায় ৫০/৬০ জন সদস্য উপস্থিত হয়ে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে দহগ্রাম বিওপির টহল দলের সদস্যরা বাঁধা প্রদান করেন। তাতেও ভারতীয় বিএসএফ সদস্যরা বাঁধা উপেক্ষা করে বাঁশের খুঁটি স্থাপনের কাজ চলমান রাখেন। এদিকে, বিজিবি সূত্রে জানা যায়, বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দহগ্রাম,পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রেখেছে এবং ভারতীয় সার্ভে মাপের কাজ চলমান রয়েছে।
