মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে সরকারিভাবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির
চাল পাচারের সময় ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছে স্থানীয় জনতা। বুধবার ( ১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবি ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণ না করে সরকারি বরাদ্দের চাল গোপনে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় হাটবাড়িয়া বাজারে স্থানীয় জনতা চালবোঝাই ইজিবাইকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, তিনি মূলত বস্তা কিনতে বাজারে এসেছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হলে তিনি ৩০ টাকা কেজি দরে চাল কিনেন। তবে এটি টিসিবির সরকারি চাল কিনা তিনি জানতেন না বলে দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির চাল, চিনি ও তেলসহ বিভিন্ন পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিব মানুষের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের ঘটনায় ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযুক্ত টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আমি আমার গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি। সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকেই চাল নিতে চান না, টাকা নিতে চান। সে কারণেই চাল বিক্রি করেছি। সরেজমিনে দেখা যায়, ডিলারের ঘরে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুদ অবস্থায় দেখা যায়। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
