ফয়সাল আলম সাগর কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং তিনি পপুলার ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
