ePaper

নবীনগরে বীজ প্রযুক্তি গ্রাম ঘিরে ‘বি স্ট্রং’ প্রকল্পের জমজমাট মাঠ দিবস

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনী উপলক্ষে এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।মাঠ দিবসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বি স্ট্রং’ প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক বীজ নির্বাচন ও তা স্থানীয় পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসব প্রযুক্তি সরাসরি পর্যবেক্ষণ করে কৃষকরা নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ড. মোস্তফা এমরান হোসেন বলেন, প্রযুক্তি গ্রাম প্রদর্শনী কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে এবং উৎপাদনশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *