ePaper

কোম্পানীগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ক্যাম্পেইন চলাকালীন চিকিৎসা সেবায় নিয়োজিত বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ মোহাম্মদ আব্দুল আহাদ এবং ডাঃ তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য সহকারী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। এই ক্যাম্পেইন সফল করতে তিনি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম জানান, নির্দিষ্ট বয়সসীমার প্রতিটি শিশু যাতে এই টিকার আওতায় আসে, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *