ePaper

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ টি পদে বিএনপি পন্থিদের জয়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।  মোট ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা এবং সহসাধারণ সম্পাদকসহ ২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. এমাম আলী। সহসভাপতি পদে জয় পেয়েছেন এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও এ্যাডভোকেট মো. আব্দুল হান্নান। এছাড়া সহসাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ পদে এ্যাডভোকেট মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট এসএমজি মোস্তাকিম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট সাদেকা তামান্না নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির সদস্য পদে বিএনপিপন্থি প্রার্থী এ্যাডভোকেট মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ও এ্যাডভোকেট মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের এ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ভুট্টু। একই প্যানেল থেকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মো. তোজাম্মেল হক বকুল। সহসাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুল্লাহ, এ্যাডভোকেট মোছা. শারমিন আক্তার সাথী, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মো. সাদেকুর রহমান বিপ্লব নির্বাচিত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *