এস এম মিলন,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দায় পদ্মা নদী থেকে লিটন খা নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিকশা চালক লিটন খান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে। রবিবার সকাল ১০ টার সময় তার মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর থানা ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গত শনিবার দিবাগত রাত ১০ টার সময় রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হয় লিটন খা। এ সময় তিনি পরিবারকে বলে আসেন ভাড়া নিয়ে দুরে যাচ্ছে, বাড়িতে আসতে দেরি হতে পারে। পরে ভোরে পদ্মায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা ও নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে রিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যার পর পদ্মা নদীতে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে। এদিকে, নৌ-পুলিশ সদস্যরা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
