ePaper

ফুলগাজীতে শান্তিপূর্ণ সহাবস্থান গড়তে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

ফুলগাজী,  ফেনী প্রতিনিধি

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণ সহাবস্থানের ফুলগাজী গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নাগরিকরা। তাদের মতে, যে যার মত করে রাজনীতি করলেও তা হতে হবে শান্তিপূর্ণ ও সহনশীলতার ভিত্তিতে। সহাবস্থানের পরিবেশ বজায় থাকলে ফুলগাজীবাসী স্বস্তিতে বসবাস করতে পারবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে “নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক এক নাগরিক সংলাপে এসব মতামত তুলে ধরা হয়। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। সঞ্চালনা করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক ফুলগাজী শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কবির আহমেদ নাছির।

আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন ও ইব্রাহিম হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক এনাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, ঐকতান সাংস্কৃতিক পরিষদের সভাপতি আনিসুল আলম, ডা. লোকমান হোসেন, জাতীয়তাবাদী হিন্দু গোষ্ঠীর ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মানিক শীল, বিমান দত্ত, পিএফজির অ্যাম্বাসেডর ফরিদা আক্তার মায়া, সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাইদ হোসেন সাহেদ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজু, মহিউদ্দিন সেজু এবং ওয়াইপিএজির সমন্বয়ক আব্দুর রহিম বাবুসহ অনেকে।

বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করে সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *