সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর অঞ্চলের হাজারো জেলে আগামী ৫৮ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সামনে রেখে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এরই মধ্যে জ্বালানি তেলের সংকটে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে জেলেরা সাধারণত সাগরে গিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু জ্বালানি তেলের অপ্রতুলতা ও মূল্যবৃদ্ধির কারণে অনেকেই নৌকা নিয়েও সাগরে যেতে পারছেন না। ফলে তাদের পরিবারগুলো পড়েছে তীব্র অর্থনৈতিক সংকটে। স্থানীয় জেলে সুলতান মাঝি বলেন,“এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তেল না থাকায় সাগরে যেতে পারছি না। সামনে আবার ৫৮ দিনের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।”মহিপুর মৎস্যঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি মাছ ধরার ট্রলার ঘাটে নোঙর করে রয়েছে। অনেক জেলে অলস সময় পার করছেন, কেউ কেউ হতাশা প্রকাশ করছেন। একাধিক জেলে জানান, এই সময়ে মাছ ধরতে না পারলে সারা বছরের আয়-রোজগারে বড় ধাক্কা লাগে।জেলেদের দাবি, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে এবং নিষেধাজ্ঞা শুরু হলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
