রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনিসহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। বক্তারা বলেন, গজাইল বাজারে বিএনপি নেতাদের ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। নলসন্ধ্যা, রামকান্তপুর, ভদ্রকোলসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করা হয়। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।বিষয়টি অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, জামায়াত প্রার্থী বিজয়ী হওয়ার পর কোথাও তাদের নেতাকর্মী বা সমর্থকরা কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটায়নি। যে ঘটনাগুলো ঘটেছে, তা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই ঘটতে পারে বলে তাদের ধারণা।
