ePaper

সিরাজগঞ্জের রায়গঞ্জে সেই আওয়ামী লীগ কার্যালয় মেরামতের উদ্যোগ

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক রফিকুল ইসলাম কার্যালয়টি মেরামতের জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি মঙ্গলবার কার্যালয়ের সামনে বাঁশের বেড়া দিয়েছেন, যাতে সেখানে কেউ মলমূত্র ত্যাগ করতে না পারে। পেশায় ট্রাক চালক রফিকুল ইসলাম উপজেলা সদরের প্রামাণিকপাড়ার ময়নাল প্রামাণিকের ছেলে।

২০২৪ সালের ৪ অগাস্ট সরকারবিরোধী আন্দোলনকারীরা রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে পাঁচ নেতাকর্মী এবং এক সাংবাদিককে হত্যা করে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি নেতাকর্মীরা পাশে অবস্থিত রায়গঞ্জ প্রেস ক্লাব ভবনে আশ্রয় নেওয়ায় সেখানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে এরই মধ্যে রায়গঞ্জ প্রেস ক্লাব ভবন মেরামত করা হয়েছে। রফিকুল ইসলাম বলেন, “সরকার পতন আন্দোলনের সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে পরিত্যক্ত কার্যালয়ের ভিতরে লোকজন প্রশ্রাব-পায়খানা করে আসছে। এটা দেখে আমার ভাল লাগে না। তাই কার্যালয়টি মেরামতের উদ্যোগ নিয়েছি। সামনে বাঁশের বেড়া দিয়েছি, যাতে লোকজন মলমূত্র ত্যাগের জন্য ভিতরে যেতে না পারে।”

এক প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম বলেন, “আমরা পরিবারের সবাই আওয়ামী লীগ সমর্থন করি। দলের প্রতি ভালবাসা থেকে এই উদ্যোগ নিয়েছি। এ কাজে আমাকে কেউ সহায়তা করেনি বা পরামর্শ দেয়নি। নিজের টাকা খরচ করে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত অফিস মেরামত করব, ইনশাআল্লাহ।”

এ বিষয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইশরাত জাহান এশা বলেন, “আওয়ামী লীগ কার্যালয় মেরামতের বিষয়টি শুনেছি। দেশের বিভিন্ন জায়গায়ও আওয়ামী লীগ কার্যালয় খোলা শুরু করেছে। তবে আমি এটার বিপক্ষে। কে বা কারা এই কাজ করছে খোঁজ নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *