মো. আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনগণের বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহসভাপতি মাওলানা আবুল কালামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার-৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।শিক্ষা খাতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের কথা বলা হয়। স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও ভর্তুকি প্রদান এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি, শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদকমুক্ত সমাজ গঠন এবং পুলিশি সেবার আধুনিকীকরণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। এছাড়া পরিবেশ রক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, চা শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন, শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট ও চা নিলাম কেন্দ্র আধুনিকীকরণ, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।প্রবাসীদের নিরাপদ অভিবাসন, আইনি সহায়তা, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগ সহায়তার বিষয়টিও ইশতেহারে গুরুত্ব পায়।
