রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন উপলক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাটি আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত হবে।
জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জনসভার মাঠ ও স্টেইজ পরিদর্শন করেন আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, মাঠ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো তদারকি করেন এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জবাসী ইনশাআল্লাহ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতিকে বিজয়ী করবে। এই নির্বাচন হবে দুর্নীতিমুক্ত ও মানবিক রাজনীতির পক্ষে রায়।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার পাশাপাশি নির্বাচনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, রামগঞ্জ উপজেলা সভাপতি রফিক উল্যা, রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর সভাপতি হাজী মোহাম্মদ মহসিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন ও জাকির পাটওয়ারীর নেতৃত্বে রামগঞ্জে হাতপাখার গণজোয়ার আরও বেগবান হবে। জনসভাটি নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
