ePaper

রামগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে         বড়  ভাইর হাতে ছোট ভাই খুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ ও বিদ্যুৎ বিলের টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার  অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।  নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান,  শনিবার রাতে আমার স্বামী আলমগীর হোসেন  এলাকার একটি চা দোকানে চা খেতে গেলে সেখানে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে তার বড় ভাই  খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আমার স্বামীর উপর  অর্তকিত  হামলা, মারধর করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলমগীরকে অচেতন অবস্থায়  উদ্ধার করে  রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে , নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন, সম্প্রতি তিনি  ছুটিতে দেশে আসেন। ভাইয়ের হাতে  তার  আকস্মিক মর্মান্তিক  মৃত্যুর খবর  ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায়  শোকের ছায়া নেমে আসে । স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বলেন,পারিবারিক তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,  জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *