রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে বেড়ে ওঠা সৌরভ সেন সম্প্রতি এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ডাঃ সৌরভ সেন হয়ে এলাকাবাসীর গর্ব ও আনন্দের কারণ হয়েছেন।ছোটবেলা থেকেই অধ্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সৌরভ সেন কেশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ–৫ লাভ করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন। সম্প্রতি অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি চিকিৎসক হিসেবে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন এবং হন ডাঃ সৌরভ সেন। ডাঃ সৌরভ সেন জানান, এই সাফল্যের পেছনে তাঁর বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে তিনি একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চান।
এলাকাবাসী তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।উল্লেখ্য ডাঃ সৌরভ সেন খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার অধিবাসী সংগ্রাম সেন ও অঞ্জনা সেনের সন্তান।তার দাদু ছিলেন একজন পল্লী চিকিৎসক।সে দাদুর মত মানবিক চিকিৎসা সেবা করার লক্ষ্য নিয়েই আজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন।
