কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদক ও বিভিন্ন অপরাধ দমনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে চম্পাপুর ইউনিয়নের সচেতন নাগরিক ও ছাত্রদল।সমাবেশে বক্তব্য রাখেন চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সৌরভ আহমেদ শুভ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমীরুল ইসলাম ফাহিম, চম্পাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমতিয়াজুর রহমান কোয়েল মোল্লা এবং ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাব্বি মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।এসময় বক্তারা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, মাদক ও অপরাধ দমনে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
