ePaper

মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

মাগুরা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের নোমানী ময়দানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের বিএএম রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ জেলার চার উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তব্যে নুরুল হাসান ফরিদী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি জানান, মাগুরা জেলার মোট ৩০১টি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আনসার সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় প্রতিটি ভোটারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ভদ্র আচরণ নিশ্চিত করতে হবে। সমাবেশে মাগুরা জেলার চার উপজেলার মোট ৩ হাজার ৯১৩ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *