ePaper

বিভাজন নয়, মতভেদ নয় বরং মানবতাই আমাদের শক্তি

  • সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘একুশের কবিতা’ শীর্ষক কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মন্ত্রী শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহিদ, ভাষা শহিদ, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতা এবং যে সকল কবি-সাহিত্যিক দেশ ও মানুষের তরে আত্মোৎসর্গ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
কবিতার শক্তির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন কবিতা শুধু আমাদের আবেগপ্রবণ করে না বা আমাদের কাঁদায় না বরং কবিতা মানুষকে সত্য ও ন্যায়ের পথে জাগিয়ে তোলে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক বিপ্লব ছিল, ঠিক তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার ভাবনায় ছিল একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন।
সমাজে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের শক্তির মূল জায়গা হলো মানুষের মানবতা। বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। আমাদের নতুন স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে হবে যেখানে মানুষের পরিচয় হবে তার সততা ও দেশপ্রেম।
সংস্কৃতি অঙ্গনকে আরো গতিশীল ও বেগবান করার আহবান জানান প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কৃতি অঙ্গন নিরলসভাবে কাজ করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা দেশাত্মবোধক ও একুশের কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *