মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর রুমিন ফারহানা কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাও.জুনায়েদ আল হাবিব। আল হাবিব বলেন, এ আসনে সব প্রার্থী কোনোরকম সমস্যা ছাড়াই যার যার অবস্থান থেকে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং সুন্দরভাবে নির্বাচনি কার্যক্রম চলছে তাই প্রশাসন কোনোরকম হস্তক্ষেপ করছে না। তাই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব আমার বিরুদ্ধে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এলাকায় তার কোনো অবস্থানই নেই বলে আমি মনে করি।সোমবার (২৬ জানুয়ারি) সরাইল উপজেলার দেওড়া গ্রামে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এছাড়া এ আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে পেশিশক্তি ও কালো টাকা ছড়াছড়ির যে অভিযোগ- তা মিথ্যা ও বানোয়াট বলেও মন্তব্য করেন তিনি।রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি যেসব অভিযোগ করছেন তা কেবল একজন দলীয় প্রধান করতে পারেন দেশের ৩০০ আসন নিয়ে। অথচ তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ করছেন। অন্য কোনো প্রার্থী তো এসব দেখছেন না।
গণসংযোগকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথাও শুনেন। পরে তিনি সমস্যার সমাধানসহ অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন এলাকায় উন্নয়নের নিবেদিতভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আল হাবিব বলেন,মূলত যেই ফ্যাসিবাদী শক্তি ও পরাজিত শক্তি চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক, তাদের ইন্ধনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
