ePaper

বাসে আগুন ও পাম্পে ভাঙচুরের অভিযোগে ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং অপরজনের নাম জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।  তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *