ePaper

বসন্ত ও ভালোবাসার রঙে রঙিন মাগুরা, ফুলের বাজারে উৎসবের আমেজ

মাগুরা প্রতিনিধি

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহরের চৌধুরীর মোড়সহ বিভিন্ন সড়কের পাশে স্থায়ী ও অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও নানা ধরনের ফুলের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপের চাহিদা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি হলুদ ও কমলা রঙের ফুলও কিনেছেন অনেকে। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়েও অনেকেই বের হয়েছেন ফুল কিনতে।

ফুল বিক্রেতারা জানান, একই দিনে দুটি আয়োজন পড়ায় বিক্রি কয়েক গুণ বেড়েছে। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

দিনটি ঘিরে নানা সাজে সেজে ফুল কিনতে আসছেন তরুণ-তরুণীরা। কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ প্রিয়জনের জন্য ফুল বাছাই করছেন। কয়েকজন তরুণী বলেন, এই দিনটি সবার জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যতের বার্তা বয়ে আনুক।কিছু ক্রেতার ভাষ্য, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কেনা চাই-ই। আবার কেউ কেউ বলছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় রয়েছে।ফুল ব্যবসায়ী সোহেল জানান, আগের মতো পহেলা ফাল্গুনের আয়োজন এখন ততটা বড় পরিসরে হয় না। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

সব মিলিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবের আবহ। দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে প্রাণচাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *