ব্যুরো চীফ,ফরিদপুর
ফরিদপুর জেলায় হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট ২১০ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।শনিবার(১১ এপ্রিল) সকালে ই-মেইলের মাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন রোগী। উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ৬ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন, সালথায় ১১ জন এবং ফরিদপুর সদর উপজেলায় ৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১১৩ জন রোগী শনাক্ত করা হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় উভয় হাসপাতালে মোট ৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের কারণে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে, যাতে এ রোগের বিস্তার রোধ করা যায়।
