ব্যুরো চীফ,ফরিদপুর:
“দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলা চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র?্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বরে একটি সচেতনতামূলক র?্যালি হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আরিফুল হক। তিনি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপস্থিত দপ্তর প্রধানদের মধ্যে ছিলেন উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, জনস্বাস্থ্য উপসহকারী কর্মকর্তা মো. হাসিবুল হাসান মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মো. সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান।
এছাড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলালউদ্দিন উপস্থিত থেকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পের সময় উদ্ধার কার্যক্রমের ওপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
