ePaper

পায়রা বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের দাবি না মানলে ভোট বর্জনের আল্টিমেটাম

 সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে পায়রা বন্দর কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বন্দরের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির ফলে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগের দিনও একই সময়ে অনুরূপ কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মচারীরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসেব সহকারী শফিকুল ইসলাম। বক্তারা বলেন, গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেলেও তাদের বেতন-ভাতা বাড়েনি। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে দাবি বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *