ePaper

পটুয়াখালী-৪ এ নতুন সমীকরণ: নির্বাচন থেকে সরে বিএনপিকে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের রবিউল

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির মনোনীত প্রার্থী রবিউল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

রোববার বিকেল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও প্রায় পাঁচশ’ নেতাকর্মী নিয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, “পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

এবিএম মোশাররফ হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির যে ঐক্য প্রয়োজন, রবিউল হাসান তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। তিনি দুই নেতাকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *