মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মাওলানা ওবায়দুল্লাহ সালাফি দাড়িপাল্লা প্রতীকে ১৯,৮৭৯ ভোটের ব্যবধানে বিজয়ীলাভ করেন। এবং তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীকে ১৯ হাজার ৮৭৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৯৯০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১০৫টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন, নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৭৪টি এবং বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৮০৮টি। গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পর কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বিজয়ী হন। বিজয় ঘোষণার পর জলঢাকা উপজেলা ও জেলা শাখার সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একার অর্জন নয়, এটি জলঢাকার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মানুষ যে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের প্রত্যাশা করে আসছিলেন, আজকের ফলাফল সেই প্রত্যাশারই প্রকাশ। আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া এই ম্যান্ডেট আমানত হিসেবে গ্রহণ করে নির্বাচিত সংসদ সদস্য এলাকার অবহেলিত জনপদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী জলঢাকা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
