ePaper

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

হেলাল উদ্দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করেন, উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনি প্রচার শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগ করা হয়। তিনি আরও দাবি করেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের অনুসারী হজরত আলী নামে একজন প্রথমে তাকে মোবাইল ফোনে হুমকি দেয় এবং এর কিছুক্ষণ পর তারা কার্যালয়ে আগুন দেওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন। তিনি বলেন, ফুটবল প্রতীকের সমর্থকেরা তাদের নেতাকর্মীদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়েছে এবং শেষপর্যন্ত তারা নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাকির হোসেন, রহমতউল্লাহ ও আবুল কাশেম জানান, প্রথমে বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি দোকানসহ কার্যালয়ের আসবাবপত্র, কাগজপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য হজরত আলী বলেন, তার সঙ্গে কারও কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং তিনি কাউকে হুমকি দেননি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *