মির্জা মাহামুদ হোসেন রন্টু ,নড়াইল প্রতিনিধি
নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) বাদ মাগরিব নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ১২ নম্বর বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. হাসিবুল মোল্যা, ৮ নম্বর কলোড়া ইউনিয়নের আমীর হাফেজ আ. হান্নানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) আমীর ও প্রার্থীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাস করে। অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “ইসলামী আন্দোলনের অফিস পোড়ানোর ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।”তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়াইনি। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। মিথ্যা তথ্য ছড়িয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবেন না।”এ বিষয়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক হেমায়েত হোসেন ফারুক বলেন, “হাতপাখার অফিস পোড়ানোর ঘটনাটি দুঃখজনক। এই ঘটনায় জামায়াতে ইসলামীকে দায়ী করা হয়েছে, যা তদন্তসাপেক্ষ। আমি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানাই।”উল্লেখ্য, সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকানে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নির্বাচনী অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক, হাতপাখা ও নির্বাচনী প্রতীকসহ সব সামগ্রী পুড়ে যায়।
এর আগে সোমবার রাতে ভোটের প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলেও উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কয়েক ঘণ্টা পর গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
