ePaper

ঠাকুরগাঁওয়ে বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরির হিড়িক  আটক-২

ঠাকুরগাঁও প্রতিনিধি

পৌরসভার বিভিন্ন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানের বসতবাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরির হিড়িক পরেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, পৌর শহরের শাহাপাড়া এলাকায় মইনুল মেম্বারের বাড়ির পাশে একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাতে বাড়ির বাসিন্দা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ভোর প্রায় ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার বাসায় বিদ্যুৎ নেই, অথচ আশপাশের বাড়িতে বিদ্যুৎ রয়েছে। বাইরে গিয়ে দেখতে পান, বাড়ির বৈদ্যুতিক মিটারের প্রায় ৩শ ফুট তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আল আমিন (৩৪) ও আব্দুল মালেক (৩৫) নামে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনের নাম পাওয়া যায়। তারা হলেন, সোহেল (৩০), আলাল (৩২) ও সারোয়ার (৩৫) এই ৫ জন চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী স্বজন মো. জিল্লুর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় দন্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করেছেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা রুজু হয়েছে। আটক দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১০ দিনে পৌর শহরের টিকাপাড়া মহল্লার বেশকিছু বাড়ি, ইসলামবাগ মহল্লার বেশ কয়েকটি বাড়ি থেকে চোরেরা বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *