দিনাজপুর প্রতিনিধি
চিকিৎসা একটি মানবিক পেশা। এই পেশায় আন্তরিকতা ও মানবিকতা না থাকলে মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল কলেজ আয়োজিত ইন্টার্ন ডক্টরস রিসিপশন ও সার্টিফিকেট প্রদান–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর মেডিকেল কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন আজ থেকে তোমাদের নতুন যাত্রা শুরু হলো। তোমাদের অনেক দূর যেতে হবে। নিজের ওপর বিশ্বাস, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং মানুষের প্রতি ভালোবাসা এই তিনটি বিষয়ের প্রতি সবসময় গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, চিকিৎসকদের প্রধান দায়িত্ব হলো মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে এই মহান পেশা আরও উন্নত হবে।দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস এবং মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহাব আহমেদ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সাইদুর রহমান ও ডা. কামরুন নাহার নাসরিন। ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন ডা. রুবাইয়া তামান্না, ডা. মো. আসাদুল্লাহ, ডা. নিশাত মাহমুদ এবং ডা. রাহনুমা রহমান তিতলী।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ইন্টার্ন চিকিৎসকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এর আগে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
