ePaper

চসিকের অর্থায়নে ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অর্থায়নে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফালাহগাজী মসজিদ ও কবরস্থান এলাকার মানুষের কাছে একটি আবেগ ও ঐতিহ্যের স্থান। চসিকের এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মুসল্লিদের নামাজ আদায়ে অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি কবরস্থানের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা কেবল সড়ক বা ড্রেনেজ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনকল্যাণমূলক প্রতিটি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য আবু সুফিয়ান, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *