গোবন্দিঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫আগস্ট) দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জ থানামোড়ে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে পরিচালিত প্রচার যাত্রার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড কালা মানিক দেবের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ও অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। একইসঙ্গে ২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির সকল শর্ত পূর্ণ বাস্তবায়ন এবং দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট সমাধানে জনবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, জনগণের সম্পদ গ্যাস, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া বা বেসরকারিকরণ করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। নতুবা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে পড়বে।
সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমাইয়া আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড ইভান তাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড মোজাম্মেল হক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্লাহ।
কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, সিপিবি গাইবান্ধা জেলা শাখার নেতা কমরেড তাজুল ইসলাম এবং স্থানীয় বাসদ নেতা বিপুলেন্দ্র সরকার।
পথসভা থেকে বক্তারা দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার রক্ষায় এবং জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। প্রচার যাত্রাটি গোবিন্দগঞ্জ থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে পথসভাটি সমাপ্ত হয়।
