ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ শিক্ষার্থী, উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিএনসিসি ও রোভার স্কাউট, আনসার, পুলিশ ও ট্রাফিক পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক মো. আব্দুস শাহীদ মিয়া বলেন, “পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ৮৮.৫৩ শতাংশ উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘উপস্থিতির হার ৮৮.৫৩ শতাংশ। পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতবারের মত এবারও বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয় ছিল। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সেবার ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সমাপ্ত হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ‘বি’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
