ePaper

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

হাবিবুর রহমান.গাইবান্ধা

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. মনিরুজ্জামান। রোববার (২৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে গাইবান্ধার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জানা গেছে, ড. মো. মনিরুজ্জামান ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক আদেশে গত ১৯ আগস্ট ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

নবাগত জেলা প্রশাসকের কাছে গাইবান্ধাবাসীর প্রত্যাশা—আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।