ePaper

কেশবপুরে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বিজয়ী

রাজীব চৌধুরী, কেশবপুর

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য পদে বিজয় লাভ করেছেন। অধ্যাপক মোক্তার আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩ শত ২১ ভোট। অপর তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের গাজী মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২ শত ৭৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জি এম হাসান পেয়েছেন ৯ শত ৬০ ভোট, আমার বাংলাদেশ ( এবি) পার্টির ঈগল প্রতীকের ব্যারিস্টার মাহমুদ হাসান পেয়েছেন ৬ শত ৫৭ ভোট। বৃহস্পতিবার(১২ই ফেব্রুয়ারি ২০২৬) রাতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (৯০ যশোর -৬) রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া যায়। অধ্যাপক মোক্তার আলীর বিজয় অর্জন হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ২৯ বছর পর এ আসন পুনরুদ্ধার করল জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। এর আগে ১৯৯১ সালে যশোর-৬  কেশবপুর সংসদীয় আসন হতে জামায়াত ইসলামী থেকে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের  মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেশবপুর আসন থেকে নির্বাচিত হয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করার পর কেশবপুরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন,আমি শুধু একটি দলের নয়,কেশবপুরের সকল মানুষের প্রতিনিধি।দল-মত, জাতি- ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি মডেল কেশবপুর গড়ে তুলবো।শিক্ষা,স্বাস্থ্যসেবা,কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক স্থানীয় উন্নয়ন এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েই আমার কাজ শুরু হবে।কোন বৈষম্য নয়,কোন বঞ্চনা নয় এই হোক কেশবপুরের নতুন পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *