ePaper

কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও সমুদ্রগামী জেলেরা

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পেট্রোল পাম্পে সামান্য পরিমাণ পেট্রোল পাওয়া গেলেও প্রয়োজনীয় পরিমাণে মিলছে না ডিজেল ও অকটেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সমুদ্রগামী জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের অনেক খুচরা ব্যবসায়ী তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে মোটরসাইকেল চালক থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চচালকরা পড়েছেন বিপাকে। জ্বালানি সংকটের কারণে অনেক পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অন্যদিকে ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। সরকারি মূল্যে তেল না পাওয়ায় দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদীতে শত শত মাছধরা ট্রলার নোঙর করে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ দুটি মৎস্য বন্দরে প্রতি সপ্তাহে প্রায় তিন লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও পেট্রোল পাম্পগুলো পাচ্ছে মাত্র প্রায় ৭৫ হাজার লিটার। এতে মাছধরা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জেলেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তবে জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *