সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে অবস্থিত জামিয়া মাদানিয়া বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ-এর সহকারী অধ্যাপক ডা. রইচ উদ্দিন। মাহফিল সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শর্শদি ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসা-এর সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল করিম নুরী। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক জনাব আবুল হাশেম, ফেনী জেলা যুবদল-এর সদস্য ও ব্যবসায়ী জনাব মওদুদ আহমদ রনি, উত্তর কাশিমপুর বাইতুন নুর জামে মসজিদের সভাপতি জনাব সামছুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
