সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে পরিচালিত এ অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অপরদিকে, আটককৃত দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। তিনি বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কুয়াকাটাকে নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সচেতন মহলের মতে, প্রশাসনের এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
