ফুলগাজী, ফেনী? প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলা-এ সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান উপলক্ষে সোমবার (২ মার্চ) সকালে উপজেলার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি আবদুল বাতেন, কো-অর্ডিনেটর শাওন, ফুলগাজী উপজেলা সমন্বয়ক আবুল কালাম শামীম, সাংবাদিক কবির আহমেদ নাছিরসহ ফোরামের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার বলেন, “প্রতিবছরের মতো এ বছরও আমরা রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ফোরামের উদ্যোগে ফেনী জেলার ছয়টি উপজেলায় প্রায় ৮০০-র অধিক পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি প্রবাসী সদস্যদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তারা শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে।
