ব্যুরো চিফ, ফরিদপুর
বাংলা সাহিত্যের প্রখ্যাত পল্লীকবি জসীমউদ্দীন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়েছে।
শনিবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।
বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর লেখায় গ্রামীণ জীবন, বাংলার সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অসাধারণ চিত্র ফুটে উঠেছে। তাই নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদ্দীনের জীবন, সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল।
এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
