ePaper

শিক্ষার্থীদের পাশে গোপালনগর ট্রাস্ট, উচ্ছ্বাসে ভরপুর অনুষ্ঠান

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃত্তি প্রদান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোমবার (২৩ মার্চ) ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের আবহে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মানুষের মাঝে তৈরি হয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৮৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া, যা তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে।
ট্রাস্টের সহ-সভাপতি আব্দুর রাকিব সনেটের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডা. আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাবিদ ও পেশাজীবীরা। তারা শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা এবং মানবিক উদ্যোগে ট্রাস্টের অবদানকে সাধুবাদ জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সার্থক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, দুঃস্থ সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধসহ নানা ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
অনুষ্ঠানে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে, যা উপস্থিত সবার মাঝে আনন্দের আবেশ ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *