ePaper

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাজাহান মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর মিলনায়তনে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি এবং দীর্ঘ সময় ধরে একটি সুস্পষ্ট ভিশনের অভাব ছিল। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে পরিকল্পিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে এইচএসসি পাস করার পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। সীমিত আসনের কারণে অনেক ক্ষেত্রে লটারির মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য চ্যালেঞ্জ।

শিক্ষার মানোন্নয়নে সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য বাস্তবভিত্তিক—কমপক্ষে ৬৫ শতাংশ শিক্ষার্থী যেন শুদ্ধভাবে বাংলা বলতে পারে।” তিনি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি এবং কনটেন্টের মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক শিক্ষক যেন শ্রেণিকক্ষে উপস্থিত থাকে, তা নিশ্চিত করতে হবে।” এ ক্ষেত্রে প্রধান শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ২০২৬ সালের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে শিক্ষকদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন সম্ভব হলেও মেধাবী শিক্ষার্থী তৈরি অনেকাংশে শিক্ষকদের ওপর নির্ভরশীল। রূপগঞ্জে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সেমিনারের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। তিনি বলেন, করোনা মহামারি ও সাম্প্রতিক সংঘাতের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। শিক্ষাকে একটি সেবা খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এ খাতটি নানা কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান, ফরিদ আল সোহানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ খোকন, তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল করির, যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম বাবুলসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য নেতাকর্মীরা।

সেমিনারে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর দায়িত্ববোধ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *